নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. শরিফ উদ্দিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া এলাকায় আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি তুড়ুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শরীফ তড়ুকবাড়িয়া মোড় থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের মো. সুলতান ও পারভেজ ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। একপর্যায়ে আহত শরিফ তার নিজ বাড়ির বারান্দায় এসে পড়ে যান। পরে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের লাশ নওগাঁ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।