সিংগাইরে মামলার দায় থেকে বাঁচতে আদালতে সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মারামারির মামলায় দায় থেকে বাঁচতে আদালতে ‘সাজানো’ প্রত্যয়নপত্র দাখিলের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন প্যারামাউন্ট টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পরিবারের সদস্য মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ২০২০ সালের ৩০ জুন তাঁদের বাড়ি থেকে সড়কে যাওয়ার একমাত্র পায়ে হাঁটার রাস্তা প্রতিপক্ষ মো. রফিকুল ইসলাম মাস্টার গং বন্ধ করে দেন। প্রতিবাদ করায় হামলায় তার দাদি ষাটোর্ধ্ব বরুন বিবির বাম হাত ভেঙে যায়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা (নং-১১(৭)২০২০ সিং) হলে পিবিআই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মুল আসামি রফিকুল ইসলাম মাস্টারসহ তার ছোট ভাই মহিদুর রহমান হাজতবাস করেন এবং পরে জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় প্রায় পাঁচ বছর পর রফিকুল ইসলাম মাস্টার বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা শাখার প্যাডে একটি প্রত্যয়নপত্র আদালতে দাখিল করেন। এতে ২০২৫ সালের ৩০ জুলাই মোহাম্মদ আক্রাম হোসাইনের স্বাক্ষর রয়েছে। তবে পরিবারের দাবি, ওই স্বাক্ষরের প্রায় এক বছর আগেই তিনি অবসরে যান। তাই প্রত্যয়নপত্রটি ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি তাদের।

প্রত্যয়নপত্রটির সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় ভিকটিম বরুন বিবি, তার পুত্র মুক্তার হোসেনসহ স্থানীয় সাকিব হোসেন, সোহান হোসেন, জসিম মিয়া, জুবায়ের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম