কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে ঘুষ নেয়ার অপরাধে অষ্টগ্রাম থানার এএসআই আব্দুল্লাহ আল মোসাব্বিরকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গতকাল কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ক্রাইম) মো. আল আমিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসআই মোসাব্বির জেলার অষ্টগ্রাম থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি দেড় বছর ভৈরব থানায় কর্মরত ছিলেন। সেই সুবাধে উপজেলার শ্রীনগর ডিউটি করতে গেলে চাঁদনী আক্তার নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে বিয়ে করতে বাধ্য হন। সেই সুবাধে সে প্রায়ই ভৈরবের বিভিন্ন ক্রাইম পয়েন্টে এসে ডিবির পরিচয় নিয়ে অপকর্ম করে চলে যায়। এমনই এক ঘটনা ঘটে সাইপ্রাস প্রবাসী বাচ্চু তালুকদারের সঙ্গে। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩০শে মে বিকালে প্রবাসী বাচ্চু তালুকদারের দুই বন্ধু সালাহ উদ্দিন ও শফিক মিয়া এএসআই মোসাব্বিরের যোগসাজশে বিকাল ৩টায় পৌর শহরের চণ্ডিবের কামাল সরকারের বাড়ির পাশে শফিক মিয়ার আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে মোসাব্বির ডিবি পরিচয়ে তার সহকর্মীর মাধ্যমে প্রবাসী বাচ্চু তালুকদারকে হাতকড়া পড়ান। এসময় তারা তাকে মাদকসেবী হিসেবে দাবি করে চাঁদনী বেগমকে তার প্রেমিকা হিসেবে দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরই অষ্টগ্রাম থানা থেকে এএসআই মোসাব্বিরকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।