দৌলতপুরে আওয়ামীলীগের হামলায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের নেতার
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও একই ইউনিয়নের বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামের কাজী প্রামাণিকের ছেলে। জানা যায়, গত ৮ই আগস্ট রাত ৯টার দিকে বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম মোল্লার লোকজনের সঙ্গে মইনুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলম মোল্লার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মইনুলকে কুপিয়ে গুরুতর জখম ও তার ডানহাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে দৌলতপুরে নেয়া হয়েছে।