মানিকগঞ্জ প্রতিনিধিঃ
দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল মানিকগঞ্জ শহর। এরপর থেকে শহরে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে,সোমবার (৯ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। যেসব এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেসব স্থানগুলো হচ্ছে, রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এর কিছুক্ষণ পর রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২টি, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকাতেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে জানান, বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।