অপহরণ মামলায় সাত বছরের শিশু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
অপহরণ মামলায় সাত বছরের শিশু গ্রেফতার। চট্টগ্রাম নগরীতে চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের আরেক শিশুর নামে মামলা গ্রহণ, গ্রেফতার এবং আদালতে পাঠানো হয়েছে। শিশু আইন অনুযায়ী নয় বছরের কম বয়সী কোনও শিশুকে আসামি করা, গ্রেফতার বা আটক করার সুযোগ নেই। তবুও নগরীর পাঁচলাইশ থানা পুলিশ এ নিয়ম অমান্য করে ব্যবস্থা নেওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১৩ এপ্রিল নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় বসবাসরত আনোয়ারা বেগমের দুই সন্তানের মধ্যে বড় সন্তান অসুস্থ হলে সেদিন চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সঙ্গে নিয়ে যান তার চার বছরের ছোট সন্তান মো. রামিমকেও। কিন্তু রামিম সেখান থেকে হারিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অনেক খোঁজাখুঁজির পরও রামিমকে না পেয়ে ঘটনার সাত মাস পর গত শুক্রবার পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন তার মা আনোয়ারা বেগম।

মামলায় আসামি করা হয় সাত বছরের শিশুটিসহ তার মাকে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলেকে হাসপাতালের বারান্দা থেকে সাত বছরের ওই শিশু ও তার মা খেলার কথা বলে অপহরণ করে নিয়ে যান। মামলা হওয়ার পর ওইদিনই পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ষোলশহর এলাকা থেকে সাত বছরের শিশু ও তার মাকে গ্রেফতার করে।

শিরোনাম