অবরুদ্ধ অর্থ উপদেষ্টা,পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন
সংবাদ জমিন রিপোর্ট:
অবরুদ্ধ অর্থ উপদেষ্টা,পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন। বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় সচিবালয়ে নিজ দফতর থেকে বেরিয়ে গেছেন। জানা গেছে, এর আগে আন্দোলনকারী কর্মচারীদের নিজ দফতরে ডেকে বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারী কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন এবং আজকের মধ্যেই বাস্তবায়নের করতে হবে- এমন দাবিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। পরে অর্থ উপদেষ্টা পুলিশের সহায়তায় সচিবালয় ছেড়ে যান। এ সময় আন্দোলনকারী কর্মচারীরা কোনও বাধা দেননি বলে জানা গেছে।
এর আগে বেলা আড়াইটার পর থেকে সচিবালয়ে নিজ দফতরে তাকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীদের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন।