আক্কেলপুরে পারিবারিক কলহের জের ধরে বউ-শাশুড়ি খুন,আহত শ্যালক

নিজস্ব প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। নিহতরা-হলহলিয়া গ্রামের সোলায়মান আলী আকন্দের স্ত্রী আলেয়া বেগম (৫২) ও তার মেয়ে মিতু (৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন তার শ্যালক নীরব (২১)।

জানা যায়, স্বামী স্ত্রীর কলহে শাশুড়ি ও শ্যালক এগিয়ে এলে, ক্ষুব্ধ জামাই তার স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাশুড়িকে মৃত ঘোষণা করে। এদিকে স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়,নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে।

শিরোনাম