স্টাফ রিপোর্টার:
গ্যাসের আগুনে একই পরিবারের ৭ জন দগ্ধ । ঢাকার আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু ও গর্ভবতী নারীসহ একই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানায় ব্লাস্ট।
ব্লাস্ট বিবৃতিতে বলেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট সড়কের সরকারি কোয়ার্টারের একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে দগ্ধ হন আব্দুল জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দগ্ধদের পরিবার জানিয়েছে, দেড় মাস ধরে গ্যাস লিকেজের বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।