নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আগুনে পুড়ে ছাই হলো মাদ্রাসার ১০টি কক্ষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় আগুনে লাইব্রেরিসহ কমপক্ষে ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে নূরে মদিনার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মাদ্রাসা ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে থাকা বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। এতে মাদ্রাসার ১০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মূল্যবান কিতাব ও শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে, যা পুনরুদ্ধার করা সম্ভব নয়।