সংবাদ জমিন রিপোর্ট:
আজ বিশ্ব মা দিবস। মা— ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ ত্যাগের গল্প। সন্তানের হাসির জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আজ পালিত হবে বিশ্ব মা দিবস।
মা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় বলা হয় না, ‘মা, তোমাকে ভালোবাসি।’ অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় পাশে থাকেন, কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখেন। তাই এই দিনটি যেন মায়ের প্রতি অন্তরের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ হয়ে ওঠে।