আটোয়ারীতে ব্যবসায়ীর স্ত্রী ও ২ সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার-২
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ব্যবসায়ী সাদ সেলিমের স্ত্রী ও দুই সন্তান হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনসহ ২ খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সঙ্গে হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ৪ জন মিলে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়। বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
জানা যায়, গত বুধবার দিবাগত রাত সোয়া ১১টা দিকে পঞ্চগড়ের বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সাদ সেলিম তার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান ডাইনিং স্পেসে তার স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখ (৮) রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। এ সময় সেলিমের চিৎকারে আশপাশের লোকজন এসে ৩ জনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে ‘৯৯৯’ এ ফোন দেয়। খবর পেয়ে সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহালসহ অন্যান্য আইনগত কার্যক্রম শেষে জানতে পারে সাদ সেলিমের প্রতিবেশী পশ্চিম সাতখামার গ্রামের ফজলার রহমানের ছেলে নবিন ইসলাম জাহিদ (২২) বামহাতের তালু কাটা অবস্থায় বোদা উপঝেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ কুড়ুলিয়া (দলুয়া) গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে আত্মগোপনে থাকা নবিন ইসলাম জাহিদকে আটক করে। পরে রিমন ইসলাম নামের আরও একজন খুনিকে গ্রেপ্তার করা হয়।