আদালতে বাদী ও তার পরিবারের ওপর হামলা বিএনপি নেতা ও তার লোকজনের
বিশেষ প্রতিনিধিঃ
আদালতে বাদী ও তার পরিবারের ওপর হামলা বিএনপি নেতা ও তার লোকজনের। নারায়ণগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে একটি মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন। বাদীর অভিযোগ, বিবাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নির্দেশে তার জুনিয়র আইনজীবী, মহুরি ও অনুসারীরা এ হামলা চালিয়েছেন। এতে তার স্ত্রী, পাঁচ বছরের শিশুসন্তানসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন। এ ছাড়া শ্লীলতাহানিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বাদীর।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নারায়ণগঞ্জের স্যানিটারি পণ্যের ব্যবসায়ী ও মামলার বাদী মো. ইরফান মিয়া (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছেলে মো. জিদান (১৮) ও আবদুল্লাহ (৫)। তারা নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ইরফানের স্ত্রী রাজিয়া সুলতানা ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সাখাওয়াত হোসেন ছাড়াও তার ল ফার্মের জুনিয়র আইনজীবী খোরশেদ আলম, আল-আমিন এবং সহকারী (মুহুরি) হিরণ বাদশাকেও অভিযুক্ত করা হয়েছে।