সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
আন্দোলনে নামছে ১১ দল, উত্তপ্ত হচ্ছে রাজপথ? জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে রাজপথে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যজোট। সংসদে দাবি উত্থাপন, মুলতবি প্রস্তাব ও ওয়াকআউটের পর এবার রাজপথে ধারাবাহিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জোটটি। সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানিয়েছে তারা।
জামায়াত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই সনদ সংসদের আলোচ্যসূচিতে থাকলেও বাস্তব অগ্রগতি নেই। সে কারণেই সংসদের পাশাপাশি রাজপথে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হয়েছে। ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল সংসদ থেকে জনগণের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, ৪ এপ্রিলের কর্মসূচির মধ্য দিয়েই রাজপথের আন্দোলন শুরু হয়েছে। পরে ৭ এপ্রিল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করে ১১ দল। কর্মসূচির মধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ অন্তর্ভুক্ত রয়েছে।