আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা

সংবাদ জমিন রিপোর্টঃ
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে শ্রেণিকক্ষে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজীর নেতৃত্বে গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি চলছে। জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে পুলিশি নির্যাতনের পর ১৩ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

এদিকে এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানান, অর্থ উপদেষ্টা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী অর্থবছর থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১০ শতাংশ বাড়ানোর জন্য আহ্বান জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শিরোনাম