সংবাদ জমিন রিপোর্ট:
আবুল সরকারের মুক্তি ও বাউলদের উপর হামলার বিচারের দাবিতে রাজধানীতে প্রতিরোধ যাত্রা। বৈষম্যবাদী তৎপরতা, মব সন্ত্রাস ও বাউল–প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে এবং বাউল আবুল সরকারের মুক্তিসহ ৯ দফা দাবিতে আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সমাজের মধ্যে ক্রমান্বয়ে বৈষম্যবাদীর তৎপরতা, সন্ত্রাসী হামলা, মব সন্ত্রাসী হামলা দিন দিন বাড়ছে। সারা দেশে শত শত মাজার, বাউল গানের আসর, বাউল ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা চলছে। দেশে স্বার্থবিরোধী চুক্তি করা হচ্ছে। সম্প্রতি নির্বাচন তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে বলা হয়েছে, নির্বাচনের সময় কোনও ধরনের বিক্ষোভ সমাবেশ হলে সরকার তা দমন করবে। আমরা বরং সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যেন এমন ঘটনা এবং জনস্বার্থবিরোধী তৎপরতা পৃষ্ঠপোষকতা না করে যাতে জনগণের মধ্যে বিক্ষোভ তৈরি হয়।’