‘আমরা চোর নই। জুতা সেলাই করে জীবন চালাই। আমাদের মারবেন না।’

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
‘আমরা চোর নই। জুতা সেলাই করে জীবন চালাই। আমাদের মারবেন না।’ দুই হাত জোড় করে মারধরকারীদের কাছে এভাবে বাঁচার আকুতি জানান রংপুরের তারাগঞ্জ উপজেলায় পিটিয়ে হত্যার শিকার রুপলাল দাস ও প্রদীপ দাস। কিন্তু তাদের আকুতি শোনেনি মারধরকারীরা। শেষ পর্যন্ত পিটিয়ে মেরেই ফেললো। মারধরের সময় তাদের এই আকুতির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনা করছেন স্থানীয় লোকজন। অনেকে এটিকে ‘মব সৃষ্টি’ করে হত্যা বলছেন। চেয়েছেন বিচার।

৯ আগস্ট রাত ৯টার দিকে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে এই দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। প্রদীপ দাস সম্পর্কে রুপলাল দাসের ভাগনি জামাই। পরিবার সূত্রে জানা গেছে, রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন। আর প্রদীপ দাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

শিরোনাম