বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরা নিয়ে যুবদল নেতা সোয়েব সরকার রাহুলকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় জামিল হোসেন (৪৪) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে তাকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে। বুধবার (০১ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন।
নিহত সোয়েব সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের মৃত আবদুস সোবহান সরকারের ছেলে। গ্রেফতার জামিল হোসেন কাহালু সদরের পাল্লাপাড়া গ্রামের আবদুল মজিদ আকন্দের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
জানা যায়, কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা উত্তরপাড়া গ্রামে জোড়া ওয়াকফ এস্টেটের একটি পুকুর আছে। সেটি দীর্ঘদিন আওয়ামী লীগ নেতা জামিলের দখলে ছিল। তিনি ওই পুকুরে মাছ চাষ করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর জামিল আত্মগোপনে চলে যান। এরপর গ্রামের কয়েকজনকে নিয়ে পুকুরটি দখলে নিয়ে মাছ চাষ করেন সোয়েব। মঙ্গলবার দুপুর ১টার দিকে সোয়েব পুকুরে মাছ ধরছিলেন। এ সময় ৮-১০ জন সহযোগী নিয়ে তার ওপর হামলা চালান জামিল। আত্মরক্ষায় সোয়েবপাশের একটি ফাঁকা বাড়িতে ঢুকে পড়েন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওই দিন বিকালে নিহতের মা হাবিবা আকতার কাহালু থানায় হত্যা মামলা করেন।