আশুলিয়ায় আন্দোলনে নিহত বিএনপি নেতার লাশ ৬ মাস পর কবর থেকে উত্তোলন!

পিরোজপুর প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে গত ৫ই আগস্ট নিহত মামুন খন্দকারের (৪৩) এর লাশ ৫ মাস ২৬ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া খন্দকার বাড়ির পারিবারিক কবর থেকে এ লাশ তোলা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন। মামুন উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের মৃত মজিবর খন্দকারের ছেলে ও ঢাকার আশুলিয়া এলাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন।

জানা যায়, গত ৫ই আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে ৭ই আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী সাথী খন্দকার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আদালত মামুন খন্দকারের মরদেহ তোলার আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে তার লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

শিরোনাম