আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে চাার্জ গঠন
নিজস্ব প্রতিনিধিঃ
লাশ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে চাার্জ গঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালকুদার ও আবদুস সাত্তার পালোয়ান।