আসামি ধরার সময় আবারো এক সিআইডির কর্মকর্তাকে ছুরিকাঘাত
বিশেষ প্রতিনিধি:
আসামি ধরার সময় আবারো এক সিআইডির কর্মকর্তাকে ছুরিকাঘাত। সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় একটি সাইবার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করতে গিয়ে ছুরিকাহত হয়েছেন সিআইডির এসআই খোরশেদ আলম। অস্ত্রোপচার শেষে ওই কর্মকর্তা বর্তমানে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন রহিম উদ্দিন রাজুকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। তার কাছে পাওয়া ভিজিটিং কার্ডে তার পরিচয় লেখা রয়েছে- ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য। তবে ছাত্রলীগের কারও কাছ থেকে বিষয়টি যাচাই করা যায়নি।
পুলিশ বলছে, সাইবার সুরক্ষা সংশ্লিষ্ট একটি মামলার ওয়ারেন্ট অনুসরণ করে সাদা পোশাকে অভিযান পরিচালনার সময় সোমবার (৮ ডিসেম্বর) রাতে ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করতে এগিয়ে গেলে তিনি ধারালো একটি ছুরি দিয়ে সিআইডি কর্মকর্তা খোরশেদ আলমকে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি একাধিক দল অভিযান শুরু করে।