আসামি না হয়েও হত্যা মামলায় গ্রেফতার ব্যবসায়ীর মুক্তির দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
হত্যা মামলায় গ্রেফতার ব্যবসায়ীর মুক্তির দাবিতে বিক্ষোভ। মামলার আসামি না হয়েও গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী মাহবুবুর রহমান। এ ঘটনার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর স্বজনরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে অরুয়াইল বাজারে ‘অরুয়াইল ইউনিয়নবাসীর’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় লোকজন ছাড়াও বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েকদিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়ে সহিংসতায় নিহত হন সরাইলের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা হাফেজ আল আমিন (১৭)। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আল আমিনের বাবা মো. শফি আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করা হয়। এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

মাহবুবুর রহমানের স্বজনরা জানিয়েছেন, আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও ওই মামলায় গত ২১ সেপ্টেম্বর ব্যবসায়ী মাহবুবুরকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন। মূলত মাহবুবুর একটি চক্রের মামলা বাণিজ্যের শিকার বলে জানিয়েছেন তার বড় ভাই হাবিবুর রহমান।

শিরোনাম