বিশেষ প্রতিনিধি:
আ.লীগের নেতারা‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন। মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উঠান বৈঠকে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন।
আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।