আ’ লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: আসিফ মাহমুদ
সংবাদ জমিন রিপোর্ট:
আ. লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর বিভিন্ন স্থানে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রাখছেন। এতে দুই দলের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায় বলে তিনি দাবি করেন। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইনে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম চালু করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।