রংপুর প্রতিনিধিঃ
আ.লীগের সৎ ও আদর্শ নেতাকে জাতীয় পার্টি দলে নেবে, মনোনয়ন দেবে। রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী দেবে। ইতোমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ পর্যায় রয়েছে। বেশিরভাগ আসনেই জাপা প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করছি।’ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর বিভাগীয় জাতীয় পার্টির বিশেষ জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। বিগত সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। শুধু ৯৫-এর ১৫ ফ্রেরুয়ারির নির্বাচন ছাড়া। অনেক জায়গায় প্রার্থী চূড়ান্ত করে ফেলা হয়েছে। কিছু প্রার্থী সিলেকশন বাকি রয়েছে। জেলা কমিটিগুলোর মতামতের ওপর ভিত্তি করে প্রার্থী চূড়ান্ত করা হবে।’মোস্তফা বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই নির্বাচনের পরিবেশ আর লেভেল প্লেয়িং ফিল্ড। যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল ও তাদের স্ব স্ব দলের প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায়। ইনশাআল্লাহ জাতীয় পার্টি ভালো ফলাফল করবে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) অংশ নিতে পারছে না। এক্ষেত্রে জাতীয় পার্টির প্রার্থীকে জনগণ তাদের পছন্দের তালিকার প্রথমেই রাখবে।’ সারা দেশে জাতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেবো। এক্ষেত্রে ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সমর্থিত এলাকায় যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা থাকে, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দিতে চায় এবং তাদের বিরুদ্ধে কোনও সহিংসতার মামলা না থাকে এবং যোগ্য প্রার্থী হয় তাহলে জাতীয় পার্টি অবশ্যই তাদের দলে নেবে এবং মনোনয়ন দেবে। আমরা আমাদের প্রার্থীদের ক্রাইসিস ওভারকাম করার জন্য অবশ্যই দলে নেবো।’