ইউএনওর প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের ঘটনায় যুবদল নেতার ৫০ হাজার টাকা জরিমানা করা হলো
ময়মনসিংহ প্রতিনিধি
ইউএনওর প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের ঘটনায় যুবদল নেতার ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের অভিযোগে যুবদলের এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে এ ঘটনার পর যুবদলের ওই নেতা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। দণ্ড পাওয়া জিয়াউর রহমান ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য।
সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘সোমবার বিকাল ৩টার দিকে জিয়াউর তার স্ত্রীর জন্ম নিবন্ধন সংশোধন করাতে উপজেলা কার্যালয়ে যান। সেখানে গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা হাসানুর রহমানের কাছে বিষয়টির সমাধান চান। এ সময় হাসানুর সার্ভার ডাউন বলে জিয়াউরকে জানালে তিনি তার মোবাইল নম্বর চান। হাসানুর নম্বর দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারধরের ঘটনা ঘটে। পরে অফিসের লোকজন উত্তেজিত জিয়াউরকে থামান।পরে ঘটনাটি মীমাংসা হয়।