চট্টগ্রাম প্রতিনিধি:
ইউপি সদস্য থেকে সংসদ সদস্য হয়ে গেলেন নুরুল আমিন। শুরুতে ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এরপর নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।
এই পথচলা নুরুল আমিনের। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। ভোটের ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।