ইভটিজিংয়ে বাধা দেয়া নিয়ে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত-১
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ইভটিজিংয়ে বাধা দেয়া নিয়ে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত-১। ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৫ জন। নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকালে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ওই সংঘর্ষে একজন গুরুতর আহত ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শাহ আলম নামের এক ব্যক্তি মারা গেছে। নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।