ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, এক ক্রু সদস্যকে উদ্ধারের দাবি
আন্তর্জাতিক ডেস্ক:
ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, এক ক্রু সদস্যকে উদ্ধারের দাবি। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন ও একজন ইসরায়েলি কর্মকর্তা স্পর্শকাতর এই সামরিক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটির কাছে আসা পেন্টাগনের একটি ইমেইল অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের একটি ‘বিমান ভূপাতিত’ হওয়ার খবর পেয়েছে। তবে ইমেইলটিতে এর বেশি বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।
এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং অন্তত একজন ক্রু সদস্য প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপ দিয়েছেন। এই খবরের পরপরই নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণার আগেই তারা এই উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছেন।