ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের
সংবাদ জমিন ডেস্ক:
হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা যখন বড় সংঘাতের দিকে গড়াচ্ছিল, তখন ইরানে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নেন।
‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে পরিকল্পিত হামলা স্থগিত রাখতে অনুরোধ করেন। তাদের মতে, ইরানের সঙ্গে বর্তমানে “গুরুত্বপূর্ণ আলোচনা” চলায় এই মুহূর্তে সামরিক পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করতে পারে।