সংবাদ জমিন রিপোর্ট:
ইসি ঘেরাও ছাত্রদলের,অভিযোগ পক্ষপাতদুষ্ট আচরণ। নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার এবং পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন ঘেরাও করেন তারা। ছাত্রদলের এই কর্মসূচিকে ঘিরে ইসি প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, নির্বাচন ভবনের সামনে ও আশপাশে শত শত ছাত্রদল কর্মী অবস্থান করছেন। ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে রাস্তায় অবস্থান করছেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছে ছাত্র সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। পুলিশের পাশাপাশি নৌবাহিনী, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ইসির সামনে এনে রাখা হয়েছে রায়ট কার ও জল কামান। জানা যায়, পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিনটি অভিযোগে ইসির সামনে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে।