সংবাদ জমিন রিপোর্ট:
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত-৬ । রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ মোট তিনজন রয়েছেন। ত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সংঘটিত ঘটনায় নিহত ৬ জনের নাম ও পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য এবং ময়মনসিংহের একই এলাকার বাসিন্দা রয়েছেন।
নিহতরা হলেন, ফজলে রাব্বি রিজভী (৩৮), কুমিল্লার কোতোয়ালী থানার নানুয়াদিঘি পশ্চিমপাড়ার কাজীবাড়ির বাসিন্দা কাজী খোরশেদুল আলমের ছেলে। তিনি ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় সপরিবারে থাকতেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। আফরোজা আক্তার, নিহত ফজলে রাব্বি রিজভীর স্ত্রী। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার সিকারকান্দি গ্রামে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মো. রিশান (আড়াই বছর), ফজলে রাব্বি রিজভী ও আফরোজা আক্তার দম্পতির আড়াই বছর বয়সী শিশু সন্তান। সে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মো. হারিছ (৫২), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপাচাশি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনিও উত্তরার একই বাসায় (সেক্টর ১১, রোড ১৮) বসবাস করতেন। কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। মো. রাহাব (১৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার হারিছ উদ্দিনের ছেলে। সেও উত্তরার ওই একই ঠিকানায় বসবাস করত এবং কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যায়। রোদেলা আক্তার (১৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দড়িপচাশী এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।