একই ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার করলো পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
একই ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার করলো পুলিশ। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দরজা ভেঙে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের লাশ উদ্ধার করেন।

মারা যাওয়া তিন জন হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও তাদের চার বছরের ছেলে আফরান। হাবিবুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে আমের আড়তে কাজ করতেন। বউবাজার এলাকার পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় পরিবারসহ ভাড়ায় থাকতেন হাবিবুল্লাহ। এর আগে তিনি রমজান নামের এক ব্যক্তির সমবায় সমিতিতে কাজ করতেন। রমজান মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছেন।

হাবিবুল্লার বড় ভাই লাভলু বলেন, ‘দিনভর (সোমবার) ভাইয়ের কোনও খবর পাচ্ছিলাম না। দরজা না খোলায় পুলিশকে খবর দিই। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিছানায় পড়ে ছিল ভাবি ও ভাতিজার লাশ। আমার ভাই ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার কিছু ঋণ ছিল। তবে কত টাকা, সেটা জানি না।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, লাশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিরোনাম