একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি যে পর্যায়ে
নিজস্ব প্রতিনিধিঃ
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি যে পর্যায়ে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় দল আওয়ামী লীগের সমাবেশে ভয়াল গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলাটি কয়েকধাপ বিচার প্রক্রিয়া শেষ করে বর্তমানে আপিল বিভাগে শুনানি পর্যায়ে রয়েছে। রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি নিয়ে চলতি মাসেই মামলাটির ওপর আপিল বিভাগের শুনানি শেষ হতে পারে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট আইনজীবীরা।
ঘটনার বিবরণী থেকে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।