সংবাদ জমিন রিপোর্ট:
একুশ আমাদের প্রেরণা, একুশ আমাদের শক্তি। একুশ হলো প্রেরণা, একুশ হলো শক্তি। ভাষা আন্দোলনের প্রেরণা নিয়েই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। আর সেখান থেকেই মুক্ত বাংলাদেশ। বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে, তত বেঁচে থাকবেন ভাষা জন্য শহীদ হওয়া বীর সন্তানেরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ এই অভিব্যক্তি প্রকাশ করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, ভাষা আন্দোলন হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল সূতিকাগার। এই প্রেরণা আমাদের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়েছে। পরিশেষে আমরা পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি। তিনি বলেন, আমরা সেই বীরের জাতি, যারা ভাষার জন্য লড়াই-সংগ্রাম করেছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীরদের।