এক কেজি সাইজের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতে
বেনাপোল প্রতিনিধিঃ
এক কেজি সাইজের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতে । এবারের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেলো ভারতে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, এবার আসন্ন দুর্গা পূজায় ৩৭টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। তারই আলোকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছেন ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদন করা ইলিশ রফতানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫০০ টাকা। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে।