সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এক বছরেও আইন-শৃঙ্খলার উন্নতি হয়নি,হয়েছে অবনতি।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত এক বছরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, মব ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের উৎপাতসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড অন্য যেকোনও সময়ের তুলনায় সীমা ছাড়িয়েছে।
চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে তাকে নিয়ে যায় খুনিরা। পরে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। হত্যার পর মৃতদেহের ওপরে লাফিয়ে উল্লাস করা হয়।
এ ঘটনাটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। তবে পুলিশ ও সরকার সংশ্লিষ্টরা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতির দিকে যাচ্ছে। মব ভায়োলেন্সসহ অন্যান্য অপরাধও কমে আসছে।