সিলেট প্রতিনিধি:
এবার চলন্ত ট্রেনে আগুন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টা ৭ মিনিটের দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় যাত্রীরা অনেকটা হাঁফ ছেড়ে বাঁচেন।
স্থানীয় বাসিন্দা ও ট্রেনের যাত্রীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে । তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।