জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে জনসম্মুখে চড় মেরেছেন ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী। পাশাপাশি জকসুর এই সদস্যকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নেলী জবির ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেলের হয়ে জিএস পদে নির্বাচন করে পরাজিত হন।
জানা গেছে, ইনডোর গেমসের অংশ হিসেবে আজ ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী, একই বিভাগের খেলোয়াড়দের অংশ নেওয়ার কথা থাকলেও ফাইনালে ওঠা একটি দলে ভিন্ন বিভাগের সদস্য থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অন্য প্রতিযোগী দলগুলো আপত্তি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়। তবে, এক পক্ষ তা মেনে নেয়নি। এ সময় নেলী ক্রীড়া সম্পাদক নাঈমের সঙ্গে তর্কে জড়ান। নাঈম জানান, স্পোর্টস কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত হবে। পুরস্কার বিতরণী শেষে বের হওয়ার সময় নেলী নাঈমের সঙ্গে কথা বলতে চান। তিনি তখন ব্যস্ত আছেন জানালে নেলী সবার সামনে তাকে সজোরে চড় মারেন এবং চিৎকার-চেঁচামেচি করেন।