এবার দুদক মামলা দায়ের করলো সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে
সংবাদ জমিন রিপোর্ট:
এবার দুদক মামলা দায়ের করলো সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মো. আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত আনিসুর রহমান আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট চার কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।