এবার বরগুনায় তুচ্ছ ঘটনার জের ধরে সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর ওপর হামলা

বরগুনা প্রতিনিধিঃ
এবার বরগুনায় তুচ্ছ ঘটনার জের ধরে সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর ওপর হামলা।বরগুনায় সমন্বয়ক পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর ওপর হামলা করেছে সিনহা রহমান নামে এক যুবক ও তার সহযোগীরা। শনিবার (২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বরগুনার বঙ্গবন্ধু সড়কের সারা শাড়িঘর কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, জসিম তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে নিজের দোকান থেকে বের হয়ে খাবার কেনার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ইয়াসমিন তানিয়া নামে এক নারী পথচারীর সঙ্গে ওই শিশুটির ধাক্কা লাগলে শিশুটি সিটকে পড়ে যায়। পরে বিষয়টি নিয়ে জসিম এবং ওই নারীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি বাজারের অন্য বস্ত্র ব্যবসায়ী ও সমিতির নেতাদের নজরে এলে তাৎক্ষণিক সমাধান করতে উভয়পক্ষকে ডাকেন তারা। এ সময় ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান নিজেকে সমন্বয়ক দাবি করে কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। পরে উভয়পক্ষের কথোপকথনের একপর্যায়ে সিনহা উত্তেজিত হয়ে ব্যবসায়ী জসিমের ওপর হামলা ও মারধর করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তৎক্ষণিক আশপাশের সব দোকান বন্ধ করে ফেলেন তারা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিরোনাম