সংবাদ জমিন রিপোর্টঃ
এবার সাভারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। সাভারের আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের ধাওয়ায় তারা সড়ক থেকে সরে যান।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, সাভারের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা, চিমনি ভেঙে দেওয়া এবং ভাটা বন্ধ করে দিচ্ছে। অভিযান বন্ধ এবং ইটভাটা চালুর দাবিতে ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় তারা মহাসড়কে অবস্থান নেন। পরে তারা দুই পাশের সড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে দেখা যায়, প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এ সময় শ্রমিকেরা হ্যান্ড মাইক দিয়ে স্লোগান দেন ইটভাটা চলবে, গাড়ির চাকা ঘুরবে। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক ইলিয়াস আহম্মেদ বলেন, সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর থেকে নিয়মিত অভিযান চলছে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো প্রতিষ্ঠানই সাভার এলাকায় পরিচালনা করতে পারবে না এ লক্ষ্যেই আমরা কাজ করছি।