স্টাফ রিপোর্টার:
কমছে না পেঁয়াজের দাম, স্বস্তি নেই সবজির বাজারেও। শীতের সবজি বাজারে এসেছে বেশ আগেই। নতুন পেঁয়াজও আসতে শুরু করেছে। তবে দামে এর প্রভাব পড়েনি বললেই চলে। এখনও পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। সবজির বাজারেও স্বস্তি ফেরেনি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিন ঘুরে এসব তথ্য জানা গেছে। পেঁয়াজের দাম এখনও বেশি। বাজারে নতুন পেঁয়াজ চলে এলেও এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের পুরাতন পেঁয়াজ।
আজ আকার ও মানভেদে পুরোনো ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ১৪০ টাকা ও বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। মানভেদে নতুন ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা করে। এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। নতুন আলু ৪০ টাকা, পুরাতন লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২৫ টাকা, বগুড়ার আলু ৩৫ টাকা, দেশি রসুন ৮০-১০০ টাকা, চায়না রসুন ১৭০-১৮০ টাকা, চায়না আদা ১৮০-২০০ টাকা, ভারতীয় আদা মানভেদে ১৫০-১৬০ দরে বিক্রি হচ্ছে।
এ ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা করে। নতুন আলুর দাম কমেছে ৩০-৪০ টাকা, বগুড়ার আলুর দাম কমেছে পাঁচ টাকা। এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত।