কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৫০
স্টাফ রিপোর্টারঃ
কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৫০। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই দফায় মারামারি সংঘটিত হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গেলো ১১ আগস্ট (সোমবার) সন্ধ্যায় জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য সভা আহ্বান করা হয়। একপর্যায়ে কমিটির পদ নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। মারামারির ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, ঘটনার জের ধরে মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয়পক্ষের আনুমানিক শতাধিক লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।