স্টাফ রিপোর্টার:
কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা শফিকুর ইসলাম আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক এবং জুতা ব্যবসায়ী বলে জানা গেছে। গতকাল রবিবার রাত প্রায় সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গুলিটি শফিকুরের হাতে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন জানান, শফিকুর রাজনীতির পাশাপাশি পান্থপথ এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার। কয়েক দিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করছিল। চিকিত্সকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাঁ হাতের তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানার পুলিশ তদন্ত করছে।