কলেজছাত্রকে হ*ত্যার অভিযোগে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কলেজছাত্রকে হত্যার অভিযোগে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও।গাইবান্ধায় কলেজছাত্র সিজু মিয়া (২১) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকাল ৫টা থেকে এক ঘণ্টাব্যাপী শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ
মানববন্ধন হয়। এরপর সন্ধ্যা ৬টা থেকে আধা ঘণ্টা তারা একই স্থানে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং কার্যালয় ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কলেজশিক্ষক শাহজাহান মিয়া, গিদারি ইউপি সদস্য রমজান আলী ও হিরু মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সংগঠক অতনু সাহা ও জাহিদ হাসান, নিহত সিজু মিয়ার মা রিক্তা বেগম, বড় বোন খুশি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সাঘাটা থানার ভেতরে ও পুকুরে সিজু মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু পুলিশ শুক্রবার প্রেস ব্রিফিং করে ঘটনা সম্পর্কে মিথ্যাচার করেছে। তারা সাজানো নাটক প্রচার করে। সাঘাটা থানার ওসি বাদশা আলমের নির্দেশে থানার ভেতর সিজুকে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি করে বক্তারা বলেন, সিজু জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে সেখানেও ওসির নির্দেশে পানির ওপর পেটানো হয়। পুকুরের পানিতে এই পেটানোর ভিডিও নিহতের স্বজনরা হাতে পেয়েছেন।