কুয়াকাটা প্রতিনিধিঃ
কাজে আসায় দেরী করায় জেলেকে পিটিয়ে হত্যা,আহত-২। কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুরে কাজে বিলম্বে আসায় তিন জেলেকে বেদম মারধর করা হয়েছে। এতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক জেলের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে। এরপর তাদের মাছ শিকারে যেতে বাধ্য করে সাগরে নিয়ে যাওয়া হয়। মারধরের শিকার হওয়া জেলেদের মধ্যে হেলাল হাওলাদার (২৪) সাগরে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় পুনরায় ট্রলারসহ ঘাটে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, রাতে গুরুতর অসুস্থ হেলালকে হাসপাতালে না এনে শুক্রবার সকালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে তার অবস্থার চরম অবনতি ঘটে। সবশেষ কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পথে আলীপুরেই তার মৃত্যু হয় বলে হেলালের স্বজনরা দাবি করেছেন। নিহত জেলে হেলাল হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে। মারধরের শিকার অপর আহতরা হলেন- সাদ্দাম আকন (১৮) ও আসাদুল হাওলাদার (২০)। এদের বাড়িও একই এলাকায়।