সাভার প্রতিনিধিঃ
কারখানা বন্ধের নোটিশ, ক্ষুব্ধ হয়ে উঠলো পোশাক শ্রমিকরা। গাজীপুরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। হানিওয়েল নামে ওই পোশাককারখানাটি গাজীপুরের কোনাবাড়ীর বাঘিয়া এলাকায় অবস্থিত।
কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযোক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। এ কারণে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এ ছাড়াও কারখানার নির্ধারিত রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করলেও তারা শোনেননি। শ্রমিকদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল এবং শ্রম আইন পরিপন্থি।