কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়সহ নেতাদের বাসায় আগুন, প্রাণ হারালো ৪ জন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ত্রিমুখী এই সংঘর্ষকে ঘিরে জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর, শহরের পুরানথানা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা হয়েছে। একাধিক মোটর সাইকেল ও গাড়িতে আগুন দেয়া হয়েছে।

রোববার জেলা শহরের বিভিন্ন স্থানে এসব হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অঞ্জনা বেগম (৩৫) নামে একজন নারীসহ অন্তত চারজন মারা গেছেন। তাদের মধ্যে নারীসহ দুজন দগ্ধ হয়ে এবং একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তাদের মধ্যে একজনের নাম মবিন (৩৫) এবং দগ্ধ হয়ে মারা যাওয়া আরেকজনের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি । এছাড়া রুবেল আব্দুল্লাহ (৩২) নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে এসব ঘটনায় অন্তত দুই শতাধিক আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শিরোনাম