কিশোরগঞ্জে বেশিরভাগ ধান পানিতে ডুবে যাওয়ায় হাহাকার করছেন কৃষকরা

নিজস্ব প্রতিনিধি:
বেশিরভাগ ধান পানিতে ডুবে যাওয়ায় হাহাকার করছেন কৃষকরা। ‘গত কয়েকটা দিন শ্রমিক সংকটের কারণে পাকা ধানগুলো কাটতে পারি নাই। অল্প কিছু কেটেছি। এখন বেশিরভাগ কাটার আগেই পানির নিচে চলে গেলো। এত কষ্টের ধান চোখের সামনেই তলিয়ে গেলো। কোনোভাবেই রক্ষা করতে পারছি না। এখনও পানি আসছে। মনে হয় না এসব ধান আর রক্ষা করতে পারমু।’

গত তিন দিনের অব্যাহত বৃষ্টিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। পাকা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কষ্টের কথা জানালেন অষ্টগ্রাম হাওরের কৃষক কামরুল ইসলাম। তার মতো অবস্থা হাওরাঞ্চলের সব কৃষকের। বেশিরভাগ ধান পানিতে ডুবে যাওয়ায় হাহাকার করছেন কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্তীর্ণ হাওরে চার দিন আগেও যেখানে ধান বাতাসে দুলছিল, কেউ কেউ কাটছিলেন। এর মধ্যে রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার টানা তিন দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওরের বোরো ধান ডুবে গেছে। অনবরত নদী উপচে পানি ঢুকছে হাওরে। এসব ধান পচে যাওয়ার শঙ্কায় আছেন কৃষকরা।

শিরোনাম